চাঁদনি রাতে - কাজী নজরুল ইসলাম

চাঁদনি রাত 

চাঁদনি রাতে
কাজী নজরুল ইসলাম
----------------------------   

কোদালে মেঘের মউজ উঠেছে গগনের নীল গাঙে,  
 হাবুডুবু খায় তারা-বুদবুদ, জোছনা সোনায় রাঙে!  
 তৃতীয়া চাঁদের সাম্পানে চড়ি চলিছে আকাশ প্রিয়া,  
 আকাশ-দরিয়া উতলা হ’ল গো পুতলায় বুকে নিয়া।  
 তৃতীয়া চাঁদের বাকি তের কলা আবছা কালোতে আঁকা  
 নীলিম-প্রিয়ার নীলা 'গুল রুখ' অব-গুণ্ঠনে ঢাকা।  
 সপ্তর্ষির তারা-পালঙ্কে ঘুমায় আকাশ-রাণী,  
 সেহেলি 'লায়লী' দিয়ে গেছে চুপে কূহেলী-মশারী টানি!  
 দিক-চক্রের ছায়া-ঘন ঐ সবুজ তরুর সারি,  
 নীহার-নেটের কুয়াশা মশারি –ওকি বর্ডার তারি?  
 সাতাশ তারার ফুল-তোড়া হাতে আকাশ নিশুতি রাতে  
 গোপনে আসিয়া তারা-পালঙ্কে শুইল প্রিয়ার সাথে!  
 উহু উহু করি কাঁচা ঘুম ভেঙে জেগে ওঠে নীলা হুরী,  
 লুকিয়ে দেখে তা 'চোখ গেল' বলে চেঁচায় পাপিয়া ছুঁড়ি!  
 'মঙ্গল' তারা মঙ্গল-দীপ জ্বালিয়া প্রহর জাগে,  
 ঝিকিমিকি করে মাঝে মাঝে- বুঝি বধূর নিশাস লাগে!  
 উল্কা-জ্বালার সন্ধানী-আলো লইয়া আকাশ-দ্বারী  
 ‘কাল-পুরুষ’ সে জাগি বিনিদ্র করিতেছে পায়চারি!   
  
 সেহেলিরা রাতে পালায়ে এসেছে উপবনে কোন আশে,  
 হেথা হোথা ছোটে-পিকের কণ্ঠে ফিক ফিক ক’রে হাসে!  
 আবেগে সোহাগে আকাশ-প্রিয়ার চিবুক বাহিয়া ও কি  
 শিশিরের রূপে ঘর্ম-বিন্দু ঝ’রে ঝরে পড়ে সখি,  
 নবমী চাঁদের ‘সসারে’ ও কে গো চাঁদিনী-শিরাজি ঢালি’  
 বধূর অধর ধরিয়া কহিছে- ‘তহুরা পিও লো আলি’!  
 কার কথা ভেবে তারা-মজলিসে দূরে একাকিনী সাকী  
 চাঁদের ‘সসারে’ কলঙ্ক-ফুল আনমনে যায় আঁকি।  
 ফরহাদ-শিরী-লায়লী-মজনু মগজে ক’রেছে চিড়,  
 মস্তানা শ্যামা দধিয়াল টানে বায়ু-বেয়ালার মীড়!  
 আনমনা সাকী! অমনি আমারো হৃদয় পেয়ালা-কোণে  
 কলঙ্ক-ফুল আনমনে সখি লিখো মুছো ক্ষণে ক্ষণে ।  
  
====== 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট